জাতীয় সংসদের মেয়াদ নিয়ে নানা জনের নানা মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর নির্ধারণ করা যায় কি না এ নিয়ে সব রাজনৈতিক দল, নেতা ও নাগরিকসমাজকে আলোচনার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সুজন আয়োজিত, ‘সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ও সংসদের মেয়াদ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ বিষয়টি উপস্থাপন করা হয়।আলোচনায় সুজনের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, ‘এতে সুজনের কোনো নিজস্ব মতামত নেই। এ বিষয়টি শুধু আলোচনার জন্যই উত্থাপন করা হয়েছে। যাতে করে রাজনৈতিক দলের চিন্তা ও কর্মকাণ্ডে এ বিষয়টি স্থান পায়।’ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নজরুল ইসলাম। তিনি তাঁর প্রবন্ধে সরকারের মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে চার বছর এবং ‘বর্তমান সংখ্যাগরিষ্ঠের একক বিজয়’-এর জায়গায় আনুপাতিক হারে আসন বণ্টন পদ্ধতির প্রস্তাব করেন। সংসদের মেয়াদ হ্রাসের পক্ষে তিনি ছয়টি যুক্তি এবং মেয়াদ কমানোর বিপক্ষে তিনটি যুক্তি তুলে ধরেন। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক সংসদের মেয়াদ কমানোর বিরোধিতা করে বলেন, ‘সংসদের মেয়াদ কমানো হলে সমস্যার সমাধান হবে, গণতন্ত্র নিশ্চিত হবে, এটি বিশ্বাস হয় না।’সংখ্যানুপাতের বিষয়ে মিশ্র মতামত জানিয়ে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, ‘সার্বিকভাবে মনমানসিকতার পরিবর্তন না হলে কিছুতেই কিছু হবে না।’ বদিউল আলম মজুমদার বলেন, ‘দলের মধ্যে গণতন্ত্র না থাকলে সার্বিক গণতন্ত্র কোনোভাবেই সুসংহত হবে না। তাই পরিবর্তন আনতেই হবে।’ অপর দিকে লেখক কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘এখন যা আছে তা-ই থাকুক। তবে এটিকে কী করে আরও ভালো করা যায়, সেটি বের করতে হবে।’ আলোচনায় মাহমুদুর রহমান, রুহিন হোসেন, কামাল আতাউর রহমান, মোহাম্মদ শাহাজাহান প্রমুখ বক্তব্য দেন।