জাতীয় সংস্থার অধীনে সমুদ্র থেকে গ্যাস তোলার দাবি
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেছেন, জাতীয় সংস্থাকে দক্ষ ও সক্রিয় করে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ও যন্ত্রপাতি এনে, তাঁদের শতভাগ মালিকানায় রেখেই সমুদ্রের গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু করতে হবে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে কমিটির নেতারা এ কথা বলেন। এ সময় মার্কিন বহুজাতিক কোম্পানি কনোকা ফিলিপসকে দেশের সমুদ্রসীমার গ্যাস ব্লক উন্নয়নের কাজ দেওয়ার জন্য প্রণীত উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) বাতিলের দাবি জানানো হয়।বক্তারা বলেন, চুক্তির ফলে ৮০ শতাংশ গ্যাসের মালিক হবে বহুজাতিক কোম্পানি। আর সরকারি মালিকানায় থাকা ২০ শতাংশ গ্যাসব্যবহার নির্ভর করবে ওই গ্যাস পাইপলাইনের মাধ্যমে স্থলভাগে আনতে পারার ওপর। সরকার আনতে না পারলে ওই গ্যাস রপ্তানির সুযোগ পাবে বহুজাতিক কোম্পানি। তা ছাড়া চুক্তির ফলে বঙ্গোপসাগরের ওপর মার্কিন কর্তৃত্ব বাড়বে।দেশের জাতীয়সম্পদ রক্ষায় দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, আন্দোলনের মাধ্যমেই সরকারের গণবিরোধী সিদ্ধান্ত প্রতিরোধ করতে হবে। সমাবেশে আগামী ১৪ জুন মাগুরছড়া দিবসে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ এবং ঢাকায় জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।জাতীয় কমিটির সভাপতি শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কমিটির সদস্য-সচিব আনু মুহাম্মদ, সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের নেতা বজলুর রশীদ, মুহাম্মদ ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।