প্রস্তাবিত জাতীয় স্বাস্থ্যনীতি এখনো পুরোনো কাঠামো থেকে বেরিয়ে আসতে পারেনি। সংশোধিত নীতিতেও এর মৌলিক কোনো পরিবর্তন আসেনি। পূর্ণাঙ্গ স্বাস্থ্যনীতির পরিবর্তে এবারও চিকিত্সানীতির প্রস্তাব করা হয়েছে। নীতিতে মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের ব্যাপারটি উপেক্ষা করা হয়েছে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য আন্দোলনের বক্তারা এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনের বিষয় ছিল ‘জাতীয় স্বাস্থ্যনীতি ২০১০: চূড়ান্তকৃত খসড়া’। বক্তারা একটি ‘স্বাস্থ্য অধিকার কমিশন’ এ স্বাস্থ্যনীতিতে অন্তর্ভুক্ত করার দাবি জানান।আয়োজক সংগঠনের যুগ্ম মহাসচিব ফরিদা আখতার বলেন, গত মাসে সরকার স্বাস্থ্যনীতির চূড়ান্ত খসড়া প্রকাশ করেছে। এ জন্য সরকারে পক্ষ থেকে সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে সরকার ঘোষণা দিয়েছে, তিন মাসের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতি উপহার দেবে। ভালো সুপারিশ এলে তা বিবেচনা করা হবে। অথচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নতুন খসড়াটি নেই। ফলে কেউ মতামত দিতে চাইলেও তা সম্ভব হচ্ছে না।ফরিদা আখতার আরও বলেন, আমরা গত আগস্ট মাসে খসড়া সম্পর্কে আমাদের মতামত দিয়েছি। তাঁর অভিযোগ, খসড়ায় কিছু নতুন ভালো কথা জুড়ে দেওয়া হলেও আমাদের দাবিগুলো পূরণ করা হয়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, স্বাস্থ্যনীতির খসড়াতে প্রতিবন্ধীদের বিকলাঙ্গ লেখা হয়েছে; যা খুবই আপত্তিজনক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক জাকির হোসেন, স্বাস্থ্য আন্দোলনের সদস্য সীমা দাস, রোকেয়া বেগম, নাজমুল করিম, আশিক মাহমুদ প্রমুখ।