জাতীয় স্যানিটেশন শুমারি করবে সরকার
স্যানিটেশনের প্রকৃত অবস্থা নির্ধারণে জরুরি ভিত্তিতে জাতীয় স্যানিটেশন শুমারি পরিচালনা করবে সরকার। শুমারির ফলাফলের ভিত্তিতে ১০০ শতাংশ স্যানিটেশন অর্জনে জাতীয় ও স্থানীয় কর্মপরিকল্পনা কার্যক্রম গ্রহণ ও অর্থায়নের উদ্যোগ নেওয়া হবে।গতকাল বৃহস্পতিবার এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ আয়োজিত জাতীয় স্যানিটেশন সম্মেলনের ঘোষণাপত্রে এ কথা বলা হয়েছে।স্থানীয় সরকার বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নগরের ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই দিনব্যাপী সম্মেলন শেষে গতকাল ‘বাংলাস্যান ঘোষণাপত্র-২০১১’ শীর্ষক ১১ দফা প্রস্তাবনা গৃহীত হয়। সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরির উদ্দেশ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের সমাপনী অধিবেশনের সভাপতি স্থানীয় সরকারসচিব আবু আলম মো. শহিদ খান সম্মেলনের ঘোষণাপত্র পড়ে শোনান।সম্মেলনে বক্তারা বলেন, মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ২০১৩ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নেওয়ার আগে এই শুমারি পরিচালিত হবে। নতুন কর্মপরিকল্পনায় সমাজের হতদরিদ্র, বস্তিবাসী, দুর্গম এলাকা, নারী-শিশু, প্রতিবন্ধী ও ভাসমান জনগোষ্ঠীর জন্য বিশেষ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।স্থানীয় সরকার ও এলজিএসপির বরাদ্দের ন্যূনতম ২০ শতাংশ স্যানিটেশনের ক্ষেত্রে ব্যবহার করা হবে বলেও সম্মেলনের ঘোষণাপত্রে বলা হয়েছে। সম্মেলনে লোগো উন্মোচন করে জাতীয় হাইজিন অভিযানের উদ্বোধন করা হয়।সমাপনী অধিবেশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শতভাগ স্যানিটেশন অর্জনে সরকার কাজ শুরু করেছে। এই লক্ষ্য অর্জনে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমিন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, প্রধানমন্ত্রীর সংসদবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, এলজিআরডি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রহমত আলী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. নুরুজ্জামান বক্তব্য দেন।