জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে সপ্তাহব্যাপী ভাসকুলার কর্মশালা
জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ভাসকুলার সার্জারি বিভাগের উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আসা বিশিষ্ট ভাসকুলার সার্জন এম আবিদুর রহমান প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।কর্মশালায় হূদরোগ ইনস্টিটিউটের ভাসকুলার সার্জারি বিভাগের চিকিৎসক ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাসকুলার সার্জনরা অংশ নিয়েছেন।এ প্রসঙ্গে ইনস্টিটিউটের ভাসকুলার সার্জারি বিভাগের প্রধান সালেহ আহম্মেদ নুরুল আলম বলেন, এ দেশের কৃতী সন্তান, মুক্তিযোদ্ধা ও বিখ্যাত ভাসকুলার সার্জন এম আবিদুর রহমানকে শিক্ষক হিসেবে পাওয়া সৌভাগ্যের ব্যাপার। ২০০৪ সাল থেকে তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে এবং যুক্তরাষ্ট্রের ফিজিশিয়ান ফর পিসের দূত হিসেবে দেশে নিয়মিত আসছেন এবং ভাসকুলার সার্জারির মতো জটিল বিষয়ের প্রযুক্তি হস্তান্তরের দুরূহ কাজ করছেন।এম আবিদুর রহমান জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের ভাসকুলার সার্জারি বিভাগকে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করার সরকারি নির্দেশের প্রশংসা করেন।তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে এই বিভাগ আরও প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ হবে এবং অধিক হারে মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে খুব প্রয়োজনীয় এই চিকিৎসাব্যবস্থাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবে। বিজ্ঞপ্তি।