জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ‘বকশিশ’ ছাড়া সেবা মেলে না
রাজধানীর জাতীয় হূদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) জরুরি বিভাগের সামনে একদল লোক জটলা করে আছে। সাভার থেকে আসা ১৮ বছরের মনিরুল ইসলাম ভীষণ অসুস্থ, কিন্তু তাঁকে ট্রলিতে তোলার জন্য কেউ এগিয়ে আসছে না। মনিরুলের ভাই গেছেন হাসপাতালে ভর্তির টাকা জমা দিতে। মায়ের হাতে বড় ব্যাগ।খোঁজ নিয়ে জানা গেল, এখানে যাঁরা জটলা করে আছেন, তাঁরা হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী। ‘বকশিশ’ পেলে তাঁরা রোগীকে ট্রলিতে তুলে নির্দিষ্ট ওয়ার্ডে পৌঁছে দেন।চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি শহিদুল ইসলাম বকশিশ নেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান না করে বলেন, ‘টাকা তো কেউ জোর করে আদায় করছে না। জোরাজুরি করলে তখন না সেটা অন্যায়। জানতে পারলে আমরাও ব্যবস্থা নেব।’এনআইসিভিডিতে ভর্তি একাধিক রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন, হাসপাতালে ভর্তির পর থেকে বাড়িতে ফেরত যাওয়া পর্যন্ত ‘বকশিশের’ নামে ধাপে ধাপে টাকা গুনতে হচ্ছে তাঁদের। সিংহ ভাগ মানুষের জন্য এগুলো বাড়তি চাপ।রোগীর স্বজনেরা বলেন, ট্রলি ঠেলে ওয়ার্ডে এনে রোগীকে বিছানায় উঠিয়ে দিলে রোগীর পরিবারকে ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত দিতে হয়। বিভিন্ন কাজের জন্য ওয়ার্ডবয় ও আয়াদের নির্ধারিত ‘বকশিশ’ ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত।কুমিল্লা থেকে আসা একজন রোগীর স্বজন বলেন, বিছানার চাদর পাল্টাতে, পরীক্ষা-নিরীক্ষার জন্য ওয়ার্ড থেকে পরীক্ষাগারে নিয়ে যেতে টাকা লাগে। গভীর রাতে রোগীর শরীর খারাপ হলে করোনারি কেয়ার ইউনিটে রোগীকে নিতে হয়। রোগীকে কে নিয়ে যাবে, তা নিয়েও ওয়ার্ডবয়দের মধ্যে প্রতিযোগিতা চলে।একজন রোগী বলেন, হাসপাতালের পরীক্ষাগারসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য বড় করে দিকনির্দেশনা থাকলে ওয়ার্ডবয়-আয়াদের ওপর নির্ভর করতে হতো না।নরসিংদী থেকে আসা একজন রোগীর সন্তান প্রথম আলোকে বলেন, হাসপাতালে ভর্তির পর তাঁর বাবাকে রক্ত দেওয়ার সময় কয়েক ফোঁটা রক্ত বিছানার চাদরে পড়ে। কিন্তু ওয়ার্ডবয়রা চাদর পাল্টে দিচ্ছেন না। চাদর পাল্টাতে টাকা দিতে হবে।টাঙ্গাইলের বাসাইল থেকে আসা এক রোগী বলেন, ‘আমি এখানে (পুরুষ ওয়ার্ডে) আসার আগে পোস্ট সিসিইউতে ভর্তি ছিলাম। আমার মাথার ওপর থাকা বৈদ্যুতিক পাখা হঠা ৎ নষ্ট হয়। আমি ওয়ার্ডবয়কে সমস্যার কথা জানালাম। সে বলল, কিছু টাকা দিলে মেরামতের ব্যবস্থা হবে। আমি টাকা দেব না বললাম। রাগ করে নিজেই ভুগলাম।’হাসপাতালের চতুর্থ শ্রেণীর এসব কর্মকর্তার মতো নিরাপত্তারক্ষীরাও রোগীদের ভোগায় বলে অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনেরা বলছেন, হাসপাতালে রোগীর সঙ্গে একজন আত্মীয় থাকার অনুমতি আছে। যাঁরা টাকা দিতে পারেন, তাঁরা যতজন খুশি ততজনকে ঢোকাতে পারেন। তাঁদের মতে, আইন সবার জন্য একরকম হওয়াই বাঞ্ছনীয়।এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের পরিচালক আবদুল্লাহ আল সাফী মজুমদার বলেন, বেশির ভাগ ক্ষেত্রেই রোগীপক্ষ কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করে না। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়। তিনি জানান, সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষার জন্য সারিতে দাঁড়ানো এক ব্যক্তির ক্রম (সিরিয়াল) এগিয়ে আনতে এক কর্মী টাকা আদায় করেছিল। তার সাজা হয়েছে।