জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ফ্রান্সের চিকিৎসক দল
ফ্রান্সের কেইন ইউনিভার্সিটির প্রখ্যাত হৃদ্রোগ বিশেষজ্ঞ ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক গিলিস গ্রোলিয়ারের নেতৃত্বে একটি দল বিনা মূল্যে জন্মগত হৃদ্রোগে আক্রান্ত ১৮ জনকে চিকিৎসা দিয়েছে গতকাল। অস্ত্রোপচার ছাড়া বেলুন ও যন্ত্রপাতি প্রতিস্থাপনের মাধ্যমে তাঁরা এই চিকিৎসা দেন। চিকিৎসাপ্রাপ্তদের মধ্যে ১৫ জন শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক। তারা সবাই খুবই দরিদ্র পরিবারের সদস্য।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের উদ্যোগে এই বিনা মূল্যে রোগীদের চিকিৎসা ও কর্মশালার আয়োজন করা হয়। শিশু কার্ডিওলজি সহযোগী অধ্যাপক আবদুল্লাহ শাহরিয়ার প্রথম আলোকে বলেন, ‘এবারই প্রথম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইউরোপীয় চিকিৎসক দল এল। ফ্রান্সে বোমা হামলার পর কেইন কে আমরা সমবেদনা জানিয়ে আসতে নিষেধ করেছিলাম। কিন্তু তারপরও তিনি এসেছেন এবং আবারও আসার প্রতিশ্রুতি দিয়েছেন।’
যে ১৮ জনের বুক না কেটে বেলুন ও যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয়, তাদের বয়স ১৮ মাস থেকে ৩৫ বছর পর্যন্ত। প্রত্যেকেই জন্মগত হৃদ্রোগে ভুগছিল। প্রবাসী বাংলাদেশি দাতা সংস্থা এবং সমাজের হৃদয়বান মানুষ এই কর্মশালার আয়োজনে সহযোগিতা করেছে বলে জানিয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট।