জানুয়ারিতে চূড়ান্ত হচ্ছে নারীনীতির কর্মপরিকল্পনা
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামী জানুয়ারি মাসেই জাতীয় নারী উন্নয়ননীতির জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।নগরের এক অভিজাত হোটেলে গতকাল বৃহস্পতিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউএন উইমেনের কারিগরি সহায়তায় অনুষ্ঠিত এ সভায় জাতীয় নারী উন্নয়ননীতি-২০১১-এর খসড়া জাতীয় কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, নারী উন্নয়নকে অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে হলে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এগোতে হবে। জাতীয় কর্মপরিকল্পনা সেই নিয়মতান্ত্রিক পদ্ধতির একটি নকশা।সভায় সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। খসড়া জাতীয় কর্মপরিকল্পনা উপস্থাপন করেন তাহেরা ইয়াসমিন। এতে মহিলা পরিষদের আয়শা খানম, জাতীয় মহিলা আইনজীবী সমিতির সালমা আলী, অ্যাকশন এইডের ফারহা কবীর, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম, নিজেরা করির খুশী কবির, নারীগ্রন্থ প্রবর্তনার ফরিদা আখতার, কর্মজীবী নারীর রোকেয়া রফিক, সাংসদ তারানা হালিম প্রমুখ মতামত দেন। বিজ্ঞপ্তি।