জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ভবনের অনুমতি নিয়ে ২৬টি ভবন নির্মাণ করে পরিবেশ অধিদপ্তরের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে জাপান গার্ডেন সিটিকে ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ মুনীর চৌধুরী এই জরিমানা করেন।রাজধানীর মোহাম্মদপুরে ৩০ বিঘা জমিতে স্থাপিত জাপান গার্ডেন সিটি লিমিটেডকে ২০০০ সালে শুধু একটি অ্যাপার্টমেন্টের অনুকূলে অবস্থানগত ছাড়পত্র দেয় পরিবেশ অধিদপ্তর। গত ১২ বছরে এখানে গড়ে তোলা হয় ২৬টি বহুতল ভবন। এর মধ্যে ১৬ তলা ২৪টি এবং ১৪ তলা ভবন দুটি। ভবনগুলোয় নির্মিত এক হাজার ৩৫০টি ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, জাপান গার্ডেন সিটির এসব ভবনের কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। অথচ এগুলোতে গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। পরিচালক মুনীর চৌধুরী গতকাল সরেজমিনে এ ঘটনা উদ্ঘাটন করে জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালককে পরিবেশ অধিদপ্তরে তলব করেন। ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুজ্জামান কানাডায় থাকায় প্রতিষ্ঠানের পক্ষে হাজির হন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিকুল ইসলাম ও ব্যবস্থাপক শওকত ইমরান। কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জরিমানার ২৬ লাখ টাকা পরিশোধ করেন। পরিবেশ অধিদপ্তর জাপান গার্ডেন সিটির ২৬টি ভবনের পরিবেশ ছাড়পত্র ফি বাবদ সাড়ে ৬২ লাখ টাকার রাজস্ব ফাঁকির ঘটনাও উদ্ঘাটন করে। অবিলম্বে এ অর্থ পরিবেশ অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে।