জাপানি নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে গতকাল বুধবার সকালে সাতুমাকিকো (৩৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাপানের নাগরিক।উত্তরা থানার পুলিশ জানায়, সাতুমাকিকো উত্তরার ১১ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৭ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে একা ভাড়া থাকতেন। ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন সাতুমাকিকো। গতকাল সকালে সহকর্মীরা এসে দরজার কলবেল বাজানোর পর ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে থানায় খবর দেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকে। একপর্যায়ে তারা বাথরুমের দরজা ভেঙে ঝরনার সঙ্গে গলায় কম্পিউটারের তার পেঁচানো অবস্থায় ওই জাপানি নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।