জাপানি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান
জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা শতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন। তাঁদের সহযোগিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার এক সপ্তাহের এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় তিনি বলেন, ‘আমরা পরিবেশ নোংরা করব না, তাহলে আর পরিচ্ছন্ন করারও প্রয়োজন হবে না। দেশের মানুষকে পরিবেশের ব্যাপারে সচেতন করতে পারলে আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অনেকাংশেই সম্ভব হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাপানের ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীদের উদ্যোগে রাজধানীতে ‘মিশন ক্লিন ঢাকা’ শীর্ষক এই কার্যক্রম শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩০ জন ও ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ১০৩ জন শিক্ষার্থী এ অভিযানে অংশ নেন। গতকাল প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।