জাপানে শিশুমৃত্যু হ্রাসে বড় ভূমিকা রেখেছে স্বাস্থ্য নির্দেশিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে শিশু ও মাতৃমৃত্যুর হার অনেক বেশি ছিল। বর্তমানে পৃথিবীর যেসব দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কম, জাপান তার অন্যতম। শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এটা হয়নি। শিশুবান্ধব কিছু কর্মকাণ্ড জাপানকে এই অবস্থানে এনেছে। এর একটি হচ্ছে মা ও শিশুস্বাস্থ্য নির্দেশিকার ব্যাপক প্রচার।গতকাল শনিবার মাতুয়াইলের মাতৃ ও শিশুস্বাস্থ্য ইনস্টিটিউটে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসুদে নাকারুমা এ কথা বলেন। মা ও শিশুস্বাস্থ্য নির্দেশিকা (হ্যান্ডবুক) নিয়ে দুই দিনব্যাপী ওই সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে নির্দেশিকা-বিষয়ক বাংলাদেশ জাতীয় কমিটি ও আন্তর্জাতিক কমিটি।উদ্বোধনী অনুষ্ঠানের মূল উপস্থাপনায় ইয়াসুদে নাকারুমা বলেন, জাপানের নার্স ও স্বাস্থ্যকর্মীরা এই নির্দেশিকা ব্যাপক জনপ্রিয় করে তুলেছেন। এই নির্দেশিকা মা ও শিশুস্বাস্থ্যের মধ্যে সেতুবন্ধের কাজ করে। এই নির্দেশিকায় মা ও শিশুর তথ্য লিপিবদ্ধ করার ব্যবস্থা করা হয় এবং কিছু করণীয় এতে বলা আছে। প্রধান অতিথি প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, মা ও শিশুস্বাস্থ্যের জন্য ভালো যেকোনো উদ্যোগকে সহযোগিতা করতে সরকার প্রস্তুত।অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নবজাতক ও মাতৃমৃত্যুর হার কমাতে নারীশিক্ষার প্রসার দরকার। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের শিক্ষক এ কে এম নূরুন নবী।