রাজধানীবাসীর কাছে যানজট খুবই গা-সওয়া। কিন্তু গুলশানের তিনটি সড়কের বাসিন্দাদের কাছে সেই যন্ত্রণা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ‘জামকা’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কারণে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকতে হচ্ছে তাঁদের।
জিসিসি অ্যাপ্রুভড মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে জামকা নামে পরিচিত এ প্রতিষ্ঠানটি গুলশান-২-এর ৯৪ নম্বর সড়কে অবস্থিত। উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ওমান, কাতার ও বাহরাইনে গমনেচ্ছুদের বাধ্যতামূলকভাবে এখানে আসতে হয় ‘মেডিকেল স্লিপ’ নেওয়ার জন্য। এই স্লিপ দেখিয়ে জামকার তালিকাভুক্ত ২৬টি মেডিকেল সেন্টার বা ক্লিনিক থেকে ওই ৬টি দেশে গমনেচ্ছুদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। প্রতিটি মেডিকেল স্লিপ নেওয়ার জন্য জনপ্রতি দিতে হয় ৩০০ টাকা করে। প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত গড়ে ৭০০ থেকে ১ হাজার জন স্লিপ সংগ্রহ করেন। যাঁরা স্লিপ নিতে আসেন তাঁদের সঙ্গে আরও দু-একজন করে সঙ্গী আসেন। এতে করে দেড় থেকে দুই হাজার লোকের সমাগম ঘটে ওই কার্যালয়ের সামনে।
গতকাল দুপুরে সেখানে গিয়ে দেখা গেছে, জামকা ভবন ঘেঁষে ৯৪ নম্বর সড়কের এক পাশে সহস্রাধিক নারী-পুরুষের দীর্ঘ সারি। সবাই পাসপোর্ট হাতে দাঁড়িয়ে। সড়কের অন্য পাশে আরও কয়েক শ মানুষের জটলা। মূল সড়কে আটকে আছে রিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বেশ কিছু ব্যক্তিমালিকানাধীন গাড়ি। ২০-২৫ মিনিট অন্তর অন্তর এসব বাহনের চাকা একটু একটু করে এগোচ্ছে। এভাবে সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় যানজট ছড়িয়ে পড়ছে পাশের ৯৫, ৯৬ নম্বর সড়কসহ আশপাশের এলাকায়। বিরক্ত হয়ে কেউ কেউ গাড়ি ছেড়ে হেঁটেই চলে যাচ্ছেন।
ভুক্তভোগী আবদুর রহমান জানান, বনানী থেকে তিনি যাবেন মাদানি সরণি হয়ে বারিধারায়। কিন্তু আধা ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন।
যানজটের খুব কাছের রাস্তায় দায়িত্বরত ছিলেন গুলশান ট্রাফিক জোনের এটিএসআই মোসলেম উদ্দিন। তিনি বলেন, ৯৪ নম্বর সড়কটি মূলত একমুখী। বনানী, নিকেতন, গুলশান-১, গুদারাঘাট, হাতিরঝিল থেকে বারিধারা, কুড়িল বিশ্বরোড ও ক্যান্টনমেন্ট যেতে সড়কটি ব্যবহার করা হয়। কিন্তু জামকায় আসা লোকজনের কারণে এই সড়কটি পার হতে প্রতিটি গাড়িকে গড়ে ২০-৩০ মিনিটের জ্যামে বসে থাকতে হয়। প্রতিষ্ঠানটি অন্য কোথাও সরিয়ে নিলে আমাদের কাজ করতেও সুবিধা হতো। জামকার মহাব্যবস্থাপক লাহুয়ার রহমান যানজটের কথা স্বীকার করে বলেন, ‘সমস্যা সমাধানে আমরাও কিছু উদ্যোগ নিয়েছি, প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে।’ কিন্তু কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি এ সম্পর্কে আর কোনো কথা বলতে রাজি হননি।