জামাতার হাতে শ্বশুর খুনের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আতিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে নিজ বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, খুনের ঘটনার পর থেকে আতিকুলের ছোট মেয়ের স্বামী মো. পলাশ পলাতক আছেন। যাত্রাবাড়ী থানার ওসি কে এম আবুল কাশেম বলেন, রিকশাচালক আতিকুল পরিবার নিয়ে থাকতেন বিবির বাগিচা এলাকায়। গতকাল সকালে খবর পেয়ে পুলিশ বাসা থেকে লাশ উদ্ধার করে। লাশের হাত ও পা রশি দিয়ে বাঁধা ছিল। গলায় তোয়ালে পেঁচানো ও মুখে কাপড় গোঁজা ছিল। তিনি বলেন, ওই বাসার আরেকটি কক্ষে ভাড়া থাকতেন আতিকুলের মেয়ের স্বামী মো. পলাশ। পলাশের সঙ্গে তাঁর খালাতো ভাই মো. সজীবও ছিলেন। ঘটনার পর থেকে তাঁরা পলাতক। তাই ধারণা করা হচ্ছে, সোমবার রাতে যেকোনো সময় আতিকুলকে হত্যা করে তাঁরা পালিয়ে গেছেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।