জামায়াত-শিবিরকে প্রতিহত করতে পুলিশকে সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরকে প্রতিহত করতে পুলিশকে সব ধরনের সহায়তা করার জন্য যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত প্রতিবাদ সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। জামায়াত-শিবিরের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।গত শুক্রবার একই স্থানে যুবলীগ আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রীর একই আহ্বান প্রত্যাখ্যান করে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘জামায়াত-শিবিরকে প্রতিহত করা যুবলীগের কাজ নয়, এটা পুলিশ ও গোয়েন্দাদের কাজ।’গতকাল সমাবেশের প্রধান অতিথি মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘গত কয়েক দিনে পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিয়ে জামায়াত-শিবিরকে মোকাবিলা করেছে। আগামী দিনগুলোতে সবাই মিলে পুলিশকে সহায়তা করুন, যাতে প্রমাণ করতে পারি, পুলিশ জামায়াত-শিবিরের নৈরাজ্যকারীদের প্রশ্রয় দেয় না।’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার রামু সফর সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খালেদা জিয়া স্থানীয় জামায়াত নেতাদের নিয়ে ক্ষতিগ্রস্ত বৌদ্ধদের কাছে কুমিরের অশ্রু ফেলতে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, বিএনপি-জামায়াত রামুতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখন তারা সেখানে সমবেদনা জানাতে গিয়েছে।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, জামায়াত-শিবির আওয়ামী লীগের ভয়ে গর্তে ঢুকে পড়েছে। আগামী ডিসেম্বর পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায় এমনভাবে কর্মসূচি দিতে হবে, যাতে গর্তে ঢুকে পড়া জামায়াত-শিবির কর্মীরা রাজপথে আসতে না পারে।খালেদা জিয়াকে কুম্ভকন্যার সঙ্গে তুলনা করে হানিফ বলেন, কুম্ভকন্যাদের ঘুম ভাঙে সাত দিন, এক মাস পরে। আর খালেদা জিয়ার ঘুম ভেঙেছে দেড় মাস পরে। সরকার যখন ক্ষতিগ্রস্ত বৌদ্ধদের পুনর্বাসনকাজ শেষ করেছে, তখন খালেদা জিয়া রামু গেছেন নাটক করতে। এ জন্য মানুষ খালেদা জিয়াকে ধিক্কার জানাবে।ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ সমাবেশে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ কামাল আহমেদ মজুমদার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লা, সাংসদ সানজিদা খাতুন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।