জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে সভা ও বিক্ষোভ
পুলিশের ওপর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কর্মীদের হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও বিক্ষোভ করেছে কয়েকটি রাজনৈতিক ও সামাজিক সংগঠন। তারা জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক তৎপরতা কঠোর হস্তে দমন করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানায়।জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইনমন্ত্রী শফিক আহমেদের ওপর হামলার প্রতিবাদে গতকাল বিকেলে ঢাকা মহানগর আওয়ামী লীগ নগরের সব কটি ওয়ার্ডে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এতে বক্তারা বলেন, কোনো আন্দোলন, সন্ত্রাস ও ষড়যন্ত্র যুদ্ধাপরাধীদের বিচার কাজ বাধাগ্রস্ত করতে পারবে না। এসব সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংসদ কামাল আহমেদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, স্বাধীনতা ও সংবিধানবিরোধী জঙ্গি শক্তি জামায়াত দেশজুড়ে ধ্বংসাত্মক তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ওমর ফারুক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। এতে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। এতে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে জামায়াত-শিবির পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগ করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। সমাবেশে আরও বক্তব্য দেন জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার প্রমুখ। জামায়াত-শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে কেরানীগঞ্জের কদমতলী মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংসদ নসরুল হামিদ প্রমুখ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাতজন নেতা এক বিবৃতিতে বলেছেন, নৈরাজ্য সৃষ্টি করে জামায়াত-শিবির মানবতাবিরোধী অপরাধীদের বিচারকাজ ব্যাহত করতে চায়। বিবৃতিদাতারা হলেন: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মাহবুবে আলম, এ এফ এম মেজবাহ উদ্দিন, সাবেক সম্পাদক বশির আহমেদ, এম এম আমিন উদ্দিন, রেজাউল করিম ও এস এম মুনির।