সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এসব হামলার পেছনে সরাসরি জামায়াত জড়িত এবং বিএনপি তাদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি। সাম্প্রদায়িক হামলা বন্ধে সারা দেশে সামাজিক প্রতিরোধ গড়ারও আহ্বান জানিয়ে কমিটি বলছে, এই মুহূর্তে জামায়াত নিষিদ্ধ করা ছাড়া মহাজোট সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই। ‘জামায়াতের সাম্প্রদায়িক সহিংসতা, সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে নির্মূল কমিটির পক্ষ থেকে এসব কথা জানানো হয়। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, গত ১১ দিনে ২৩টি জেলায় দুই হাজারের বেশি সাম্প্রদায়িক সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই হামলা ২০০১ সালের মতো পূর্বপরিকল্পিত। হিন্দুরা আতঙ্কে যেন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন, সেটাই চায় হামলাকারীরা। শাহরিয়ার কবির বলেন, হামলার পর অনেক এলাকায় হিন্দু পরিবারের সদস্যরা প্রতিবেশী মুসলমানদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাঁদের আশ্রয় দেওয়ার কারণে অনেক মুসলমানের বাড়িতেও হামলা করা হয়েছে।কমিটির উপদেষ্টা অজয় রায় বলেন, সাম্প্রদায়িক শক্তি এতটাই ভয়ংকর যে তারা সরকার-পুলিশ প্রশাসন কাউকেই তোয়াক্কা করছে না। সবাই এক হয়ে এদের অস্তিত্ব নির্মূল করতে হবে।কমিটির সহসভাপতি মুনতাসীর মামুন বলেন, ‘সহিংসতা মোকাবিলায় পুলিশের ভূমিকা প্রশংসনীয়। কিন্তু সারা দেশে ১৪ দলের নেতা-কর্মীদের কোথাও দেখা যায়নি। ঘটনার ১০ দিন পর তাঁরা বলছেন, ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন।’ তিনি গণমাধ্যমে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন নেওয়ার সমালোচনা করেন।নির্মূল কমিটির আইন সম্পাদক তুরিন আফরোজ বলেন, ‘আমরা এখন দেখছি, যাঁরা ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়ে আসছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। গোলাম আযমের মামলার সাক্ষী সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই মিরাজকে হত্যা করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার একজন সাক্ষী নিহত হয়েছেন। অ্যাটর্নি জেনারেলের ছেলেকে গাড়িচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’ তিনি ট্রাইব্যুনালের সাক্ষীসহ জড়িত ব্যক্তিদের সবার নিরাপত্তার দাবি জানান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নির্মূল কমিটির উপদেষ্টা শ্যামলী নাসরিন চৌধুরী, ফেরদৌসী প্রিয়ভাষিণী, মেজবাহ কামাল, মুক্তিযোদ্ধা তারিক আলী, বজলুল হক প্রমুখ।