জামায়াত নিষিদ্ধের বিল পাসে পাঁচ দিনের সময়সীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন করে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের লক্ষ্যে সংসদে বিল পাসের জন্য সরকারকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ‘জামায়াত-শিবিরের বর্বরতা রুখে দাঁড়াও’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ এ ঘোষণা দেন।সমাবেশে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘শুক্রবার জামায়াত-শিবিরের তাণ্ডব দেখে সবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তারা পতাকা পুড়িয়েছে, শহীদ মিনার ভেঙে দিয়েছে। ট্রাইব্যুনাল আইন সংশোধন করে যুদ্ধাপরাধীদের পাশাপাশি তাদের সহযোগী সংগঠনের বিচারের ব্যবস্থা করেছেন সাংসদেরা। এবার পাঁচ দিনের মধ্যে বিল এনে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’ রাষ্ট্রপতিকে উদ্দেশ করে এই বিশিষ্ট মুক্তিযোদ্ধা আরও বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি, আপনি একজন মুক্তিযোদ্ধা। আপনি অধ্যাদেশ জারি করে অনেক কাজ করেছেন। এবার অধ্যাদেশ জারি করে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করুন।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা আমি জানি না। তবে শুক্রবার সারা দেশে আমরা যে তাণ্ডব দেখেছি, তা রাষ্ট্রদোহ নয় কি? এটি শুধু রাষ্ট্রদোহ নয়, ধর্মদ্রোহও বটে। তারা যে শহীদ মিনার ভেঙেছে, তা ইট-কংক্রিটে নয়, আমাদের চেতনায় আঘাত করেছে। রাজাকার-ধর্মব্যবসায়ীরা আজ আবার হরতাল ডেকেছে আর বিএনপি এতে সমর্থন দিয়েছে।’আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাসকুর এ সাত্তারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে নৃত্যশিল্পী সমিতির সভাপতি মিনু হক, গ্রুপ থিয়েটার সমিতির সভাপতি ঝুনা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি রফিকুল ইসলাম, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, মামুনুর রশীদ প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ থেকে ২৬ ফেব্রুয়ারি ইস্টার্ন মাঠে সমাবেশ এবং ১ মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা দেওয়া হয়।