জামায়াত-শিবির ধরতে চিরুনি অভিযান চালানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর ১৪ দলের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এই আহ্বান জানান।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘গোয়েন্দা সংস্থার কাছে খবর আছে, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঢাকায় জড়ো হচ্ছে। এদের খুঁজে বের করুন।’মহানগর ১৪ দলের সমন্বয়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় আরও বক্তৃতা করেন সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক প্রমুখ।১৪ দলের সভায় ১৬ ফেব্রুয়ারি পূর্বঘোষিত সারা দেশে গণপদযাত্রা কর্মসূচিতে প্রচুর লোকসমাগমের ওপর গুরুত্ব দেওয়া হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন হেমায়েতপুর থেকে সাভার, টঙ্গী থেকে আবদুল্লাহপুর এবং শ্যামপুর থেকে ডেমরা—এই তিনটি স্থানে গণপদযাত্রা কর্মসূচি পালিত হবে।