জামায়াত-শিবির প্রতিরোধে নানা কর্মসূচি ঘোষণা
রাজধানীসহ সারা দেশে জামায়াত-শিবিরের হামলা ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। একই সঙ্গে তাঁরা স্বাধীনতাবিরোধী এই শক্তিটিকে মোকাবিলায় নানা কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল বুধবার পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা এ আহ্বান জানান। নেতারা একই সঙ্গে আইনমন্ত্রী শফিক আহমেদের গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গত মঙ্গলবার সার্ক ফোয়ারার কাছে আইনমন্ত্রীর গাড়িবহরে হামলা চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি গোলাম রাব্বানী, ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর এবং সাধারণ সম্পাদক কাজী মুকুল এক বিবৃতিতে বলেন, জামায়াত-শিবিরকে অবিলম্বে প্রতিহত করা না হলে দেশ ও জাতিকে সমূহ বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। বিবৃতিতে তাঁরা বলেন, ‘জামায়াতের রাজনীতি নিষিদ্ধ না হলে বাংলাদেশ কখনোই জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের নাগপাশ থেকে বেরিয়ে আসতে পারবে না, গণতন্ত্র ও আর্থসামাজিক অগ্রগতিও নিশ্চিত হবে না।’জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবি করে গতকাল বিবৃতি দিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৮ জন শিক্ষক।দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়েছে যুব সংগ্রাম পরিষদ। গতকাল এক বিবৃতিতে নেতারা বলেন, জামায়াত-শিবিরের মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বানচাল করা। আর এই ঘৃণ্য কর্মকাণ্ডে মদদ দিচ্ছে বিএনপি। কিন্তু তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। বিবৃতিদানকারী নেতারা হলেন: আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান, যুব মৈত্রীর সভাপতি মোস্তফা আলমগীর প্রমুখ। জামায়াত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আজ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় যুবলীগ আজ ঢাকা মহানগর (উত্তর) শাখার সব ওয়ার্ড কমিটির সঙ্গে প্রস্তুতি সভা আহ্বান করেছে। বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা তিনটায় এ সভা হবে। স্বেচ্ছাসেবক লীগ ঢাকা জেলা শাখা আজ বেলা তিনটায় কেরানীগঞ্জের কতমতলী মোড়ে বিক্ষোভ সমাবেশ করবে। কৃষক লীগ আজ সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিরোধ সভা আহ্বান করেছে। এসব কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।এদিকে আদাবর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবির চক্রকে দায়ী করে আগামী ২০ নভেম্বর প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর।আইনমন্ত্রীর গাড়িবহরে হামলার প্রতিবাদ: আইনমন্ত্রীর গাড়িবহরে হামলার প্রতিবাদে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে এক প্রতিবাদ সভায় সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এম আমীর-উল ইসলাম বলেন, ‘এই হামলা তাৎক্ষণিকভাবে ঘটেনি। এটা পরিকল্পিত। শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের যে ‘মক ট্রায়াল’ হয়েছিল, তাতে বিচারক হিসেবে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার শফিক। পরিকল্পিতভাবেই তাঁর ওপর এই হামলা চালানো হয়েছিল।’অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, যুুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর এর বিরুদ্ধে নানা অপপ্রচার হয়েছে। এর বিরুদ্ধে অনেকেই কথা বলেছে। দেশ-বিদেশে এসব অপপ্রচার দৃঢ়ভাবে খণ্ডন করেছেন শফিক আহমেদ। এ কারণেই এই আক্রমণ। আবদুল মতিন খসরু বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনমন্ত্রীর ওপর হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তারের পর এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এভাবে হামলার সাহস না করে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সহসভাপতি আইনজীবী কে এম সাইফুদ্দিন আহমেদ। সভায় আইনজীবী আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ূন, রোকনউদ্দিন মাহমুদ, সুব্রত চৌধুরী, শ ম রেজাউল করিম, শেখ আখতারুল ইসলাম, আজাহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন। সভায় আগামী রোববার সারা দেশে প্রতিবাদ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।