মানবতাবিরোধীদের বিচারে ঘাতকদের মৃত্যুদণ্ড ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের মাধ্যমে গণজাগরণ সৃষ্টি হয়েছে। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির ধর্মভিত্তিক নয়, সন্ত্রাসী সংগঠন। তাই দেশবাসীকে সন্ত্রাসী সংগঠন জামায়াত-শিবিরকে প্রতিরোধ করতে হবে। গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমসহ সারা দেশে জামায়াত-শিবিরসহ অন্য ধর্মভিত্তিক দলগুলো নারকীয় তাণ্ডব চালায়। এর প্রতিবাদে গতকাল রাজধানীতে আয়োজিত একাধিক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার সংগঠন তাদের দেওয়া বিবৃতিতে এ ধরনের দলগুলোকে কঠোরভাবে মোকাবিলার দাবি জানিয়েছে। সারা দেশে জামায়াত-শিবির প্রতিরোধ দিবস পালনের অংশ হিসেবে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান সমাবেশে সভাপতিত্ব করেন। সিপিবি-বাসদ আয়োজিত সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা গণ-আন্দোলন সারা দেশে পাড়া-মহল্লায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। তাঁরা বলেন, এ বিচার নিয়ে টালবাহানা চলবে না। গণজাগরণে ভীত হয়ে দলটি ধর্মকে ব্যবহার করে জনগণের সংগ্রামকে বিভ্রান্ত করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে। সমাবেশে বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের নেতা রাজেকুজ্জামান রতন প্রমুখ। সমাবেশের পর একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে তোপখানা হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। এদিকে গত শুক্রবার বায়তুল মোকাররমসহ সারা দেশে জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক দলগুলোর তাণ্ডবের নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সমমনা সংগঠন। গত শুক্রবারের ধর্মভিত্তিক দলগুলোর নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ মহিলা পরিষদ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ যুব মৈত্রী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ’৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ, জাতীয় গণফ্রন্ট এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসক দাবি করে, সাম্প্রতিক সময়ে ধারাবাহিক এই অশুভ তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীকে দ্রুততার সঙ্গে আরও সক্রিয় পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে।