জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে গ্রেপ্তার ৩১৭ জন রিমান্ডে
রাজধানীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মী সন্দেহে গত বুধবার গ্রেপ্তার করা ৩১৭ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।মতিঝিল থানার পুলিশ ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দুটি মামলায় ১৪৩ জনকে, পল্টন থানার পুলিশ দুটি মামলায় ১০০ জনকে, রমনা থানার পুলিশ ৩১ জনকে, কোতোয়ালি থানার পুলিশ ৩৪ জনকে ১০ দিন করে এবং বংশাল থানার পুলিশ আটজনকে, মুগদা থানার পুলিশ চারজনকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত মতিঝিল থানার মামলায় তিন দিন, পল্টনসহ বাকি থানাগুলোর মামলায় চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁদের জামিনের আবেদন নাকচ করেন।এ ছাড়া, শাহজাহানপুর থানার পুলিশ ৩৫ জনকে আদালতে হাজির করে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করে। গতকাল বিভিন্ন থানা থেকে ৩৫২ জনকে আদালতে হাজির করা হয়।আদালতে দেওয়া রিমান্ড প্রতিবেদনে বলা হয়, আসামিরা বুধবার মতিঝিল থানা এলাকার শাপলা চত্বর, সিটি সেন্টার, দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুলে অতর্কিতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনমনে ত্রাসের সৃষ্টি করে।