জামায়াত-শিবিরের সন্ত্রাসের প্রতিবাদে নানা কর্মসূচি
রাজধানী ঢাকাসহ সারা দেশে জামায়াত-শিবিরের অব্যাহত সন্ত্রাসের প্রতিবাদে নানা কর্মসূচি নিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কর্মসূচির মধ্যে রয়েছে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাম্প্রদায়িক গোষ্ঠীর সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে সভা-সমাবেশ ও মিছিলের মাধ্যমে আগামী ১ ফেব্রুয়ারি ‘প্রতিরোধ দিবস’ পালন করবে। এ ছাড়া আজ বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী মৎস্যজীবী লীগ আজ সকাল ১০টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। জাসদ-সমর্থিত ছাত্রলীগ আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করবে। পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ গতকাল সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং তাণ্ডবের সঙ্গে বিএনপি যুক্ত। তিনি নৈরাজ্যের পথ পরিহার করে এবং যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে সংসদে এসে জনগণের দেওয়া দায়িত্ব পালনের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বলেন, স্বাধীনতাবিরোধী চক্র দুই দিন ধরে দেশব্যাপী নিরীহ জনগণের ওপর হামলা চালালেও বিরোধীদলীয় নেত্রী রহস্যজনকভাবে নিশ্চুপ। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গতকাল এক বিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে পরাজিত জামায়াত-শিবির চক্র শাসকগোষ্ঠীর দুর্বলতা ও ব্যর্থতার সুযোগে সংগঠিত হয়ে ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত হয়ে উঠেছে।