জামায়াত-শিবিরের সহিংসতা রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশব্যাপী জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক সহিংসতা ও ফ্যাসিবাদী হামলা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল রোববার দুপুরে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে আয়োজিত এক সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে সিপিবি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল গুলিস্তান, প্রেসক্লাব এলাকা ঘুরে পুরানা পল্টনে এসে শেষ হয়।সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, মানবতাবিরোধী জামায়াত-শিবির সারা দেশে যে সন্ত্রাসী তাণ্ডব শুরু করেছে, তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের সব গোষ্ঠীকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তারা অতীতের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়ে হামলা-ভাঙচুর চালিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আবু জাফর আহমেদ আরও বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার এখনই সময়। কারণ এই দল ইসলামি সংগঠন নয়, সন্ত্রাসী সংগঠন। প্রচলিত আইনেই নিষিদ্ধ করার মতো অনেক অপরাধ ইতিমধ্যেই তারা করেছে। বাসদের বজলুর রশিদ ফিরোজ বলেন, বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর ক্ষমতার খেলার সুযোগে জামায়াত ইতিমধ্যেই অনেক শক্তি সঞ্চয় করেছে। এখন তারা রাষ্ট্রের ওপর হামলা করছে। পাড়ায় পাড়ায় ব্রিগেড গঠন করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।মিছিলে সিপিবির সাজ্জাদ জহির চন্দন, আহসান হাবিব, বাসদের রাজেকুজ্জামান রতন প্রমুখ নেতৃত্ব দেন। বিজ্ঞপ্তি।