জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন
রাজধানীর কাকরাইলে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে হাইকোর্টের সামনে তাঁরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ব্যাহত করতে জামায়াত-শিবির ও তাদের দোসরেরা ধ্বংসাত্মক ও হিংসাত্মক কার্যকলাপ শুরু করেছে। সম্প্রতি কাকরাইল এলাকায় তারা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলা করেছে। এ ধরনের কার্যকলাপের প্রতিবাদে দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। মানববন্ধনে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক, সুলতান উদ্দিন আহমেদসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।