বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় জামায়াত-শিবিরের ২০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মুনির কামাল এই অভিযোগ গঠন করেন। আদালত আগামী ৭ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন।মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে আইনজীবী আবদুর রাজ্জাক আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন।অন্য আসামিরা হলেন: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, খুলনার নায়েবে আমির শফিকুল ইসলাম, মাহফুজুর আমিন, মনিরুল ইসলাম, ইদ্রিস খান, আবদুল্লাহ আল নোমান, ইয়াসিন, নাজমুল আহসান, হেমায়েত, মোস্তাফিজুর রহমান, আবদুল করিম আকন্দ, হারিজ মুহাম্মদ, মোজাম্মেল হোসেন, তাজিরুল, এ কে এম রোকান উদ্দিন, আবদুল হাই, আহসান উল্লাহ পাটোয়ারী, রফি উদ্দিন, শফিকুল আলম ও রুবেল মৃধা। তাঁদের মধ্যে শফিকুল ও রুবেল অন্য একটি মামলায় কারাগারে আটক আছেন। বাকি আসামিরা জামিনে আছেন।গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর মিরপুর থানার কলওয়ালিপাড়ার একটি বাসায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গোপন বৈঠকে মিলিত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ তথ্য পেয়ে অভিযান চালিয়ে সেখান থেকে ২০ জনকে আটক করেন। এ সময় ওই বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করে পুলিশ। পরে মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) গোলাম নবী বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা করেন। ওই বছরের ৩১ ডিসেম্বর ঘটনার তদন্ত শেষে পুলিশ ২০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।