জামায়াতের কর্মসূচি সংবিধান ও গণতন্ত্র পরিপন্থী: সুরঞ্জিত
জামায়াত-শিবিরের চলমান কর্মসূচি সংবিধান ও গণতন্ত্র পরিপন্থী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।রাজধানীতে কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক অফিসার হত্যা দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, এটা উগ্র জঙ্গিবাদী চিন্তাচেতনা, যুদ্ধ ঘোষণা এবং সাংঘর্ষিক রাজনীতি। এ থেকে ফিরে আসতে হবে। নতুবা নিজেদের পরিণতির জন্য প্রস্তুত হতে হবে জামায়াতকে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংবিধান কাউকে জঙ্গিবাদী ও দেশের অভ্যন্তরে জিহাদের অধিকার দেয়নি। যদি কেউ এ ধরনের কর্মকাণ্ড ঘটায়, তা হলে তাকে প্রতিহতের দায়িত্ব নির্বাচিত গণতান্ত্রিক সরকারের।সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বর্তমান কর্মকাণ্ড দেখেই বোঝা যায়, জামায়াত কতটা জঙ্গিবাদী রাজনীতির চর্চা করে। তাদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হিমশিম খাচ্ছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অভিনেতা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি এ টি এম শামসুজ্জামান।