জামায়াতের কার্যালয় থেকে নেতা-কর্মীদের বের করে দিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পুরানা পল্টনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কার্যালয় থেকে দলের নগর কমিটির সেক্রেটারি ও সাংসদ হামিদুর রহমান আযাদসহ নেতা-কর্মীদের বের করে দিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গল ও বুধবার এবং গতকাল বৃহস্পতিবার —পর পর তিন দিন পুলিশ একই ঘটনা ঘটিয়েছে। কিন্তু পুলিশ এ ধরনের ঘটনার কথা স্বীকার করেনি।হামিদুর রহমান আযাদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিকেল সাড়ে তিনটার দিকে অফিসে কাজ করছিলাম। হঠাৎ নিচে হইচই শুনে গিয়ে দেখি পুলিশ নেতা-কর্মীদের অশালীন ভাষায় গালাগাল করে বের করে দিচ্ছে। একপর্যায়ে আমাকেও অফিস ছেড়ে চলে যেতে বাধ্য করে।’ প্রত্যক্ষদর্শী একজন নেতা জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশসহ (ডিবি) ২০-২৫ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।জানতে চাইলে মতিঝিল অঞ্চলে পুলিশের উপকমিশনার আনোয়ার হোসেন ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ ধরনের ঘটনার খবর তাঁদের জানা নেই বলে দাবি করেন। অবশ্য, পরে উপকমিশনার আনোয়ার হোসেন বলেন, পত্রপত্রিকায় খবর এসেছে, আত্মগোপনে থেকে জামায়াতের নেতারা অফিসে বৈঠক করছেন। আসামি ধরতে কোনো অভিযান হলেও হতে পারে।