জামায়াতের কৌশলে বিভ্রান্ত না হয়ে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য জামায়াত নানা কৌশলের আশ্রয় নিয়েছে। তারা কখনো শিক্ষাঙ্গনে হানা দিয়ে সেখানকার শান্তি নষ্ট করছে। কখনো নিজামীকে মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। জামায়াতের এসব কৌশলে বিভ্রান্ত না হয়ে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন।গতকাল রোববার রাজধানীতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পৃথক কর্মসূচিতে এ দাবি তোলা হয়। এ সময় জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর কুশপুত্তলিকা দাহ করা হয়। ১৪ দলের সভা: উত্তরায় আজমপুর হাইস্কুল মাঠে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমাবেশে বর্তমান সরকারের আমলেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার প্রত্যয় পুনঃ ব্যক্ত করা হয়। বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সমাবেশে শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও সাংসদ ফজলে হোসেন বাদশা প্রমুখ বক্তব্য দেন।স্বেচ্ছাসেবক লীগের সভা: বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, শিক্ষাঙ্গনে জামায়াত-শিবির বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শিক্ষাঙ্গন কলুষিত করতে কাউকে সুযোগ দেওয়া হবে না। জামায়াত-শিবির যে-ই হোক, বিচারের সম্মুখীন হতেই হবে। এ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জীবনবাজি রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও টেন্ডারবাজি নির্মূল করার ঘোষণা দেন। তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনার-আমার পাশে সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গিবাদ ঘাপটি মেরে থাকতে পারে। এদের আইনের হাতে সোপর্দ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।’স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ। নিজামীবিরোধী কর্মসূচি: জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করার প্রতিবাদে সমাবেশ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। গুলশানে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে বক্তারা অবিলম্বে নিজামীসহ সব যুদ্ধাপরাধীকে গ্রেপ্তারের দাবি জানান। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সাংসদ তারানা হালিমের সভাপতিত্বে সমাবেশে অরুন সরকার, মুক্তা হাসান, নাজমুল হাসান, দিলারা শারমিন প্রমুখ বক্তব্য দেন।এদিকে ইসলামী ছাত্রসেনা গতকাল এক বিবৃতিতে নিজামীকে মহানবী (সা.)-এর সঙ্গে তুলনা করায় জামায়াতকে ধিক্কার জানিয়েছে। এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও নিজামীর কুশপুত্তলিকা পুড়িয়েছে সচেতন মুসলিম সমাজ। নিজামীর ফাঁসি চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষে তারা শহীদ মিনার প্রাঙ্গণে নিজামীর কুশপুত্তলিকা দাহ করে।