জামায়াতের তিন নেতা গ্রেপ্তার: ধন্যবাদ, নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু সংগঠন এ ঘটনায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে। অন্যদিকে কিছু সংগঠন সরকারের তীব্র সমালোচনা করেছে। গতকাল বুধবার বক্তব্য ও বিবৃতি দিয়ে সংগঠনগুলো তাদের নিজ নিজ অবস্থান জানিয়েছে। নিজামী-মুজাহিদ-সাঈদীর ফাঁসির দাবিতে গতকাল বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ নগরে সমাবেশের আয়োজন করে। এতে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন বিন হেলালী বলেন, ‘এই যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত ওলামা লীগের নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেন না। তাঁদের মদদদাতাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে।’জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল ও সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস এক বিবৃতিতে নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।বাংলাদেশ রেজভীয়া তা’লিমুস সুন্নাহ বোর্ডের চেয়ারম্যান নাজিরুল আমিন রেজভী এক বিবৃতিতে বলেন, জামায়াতের সমর্থকেরা ইসলামি লেবাস পরে দেশের সরলমনা সুন্নি মুসলমানদের ঈমান ধ্বংস করছেন। তাঁরা ইসলামকে বিকৃত করেছেন। এ ছাড়া বাংলাদেশ নারী মুক্তি আন্দোলন, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ, বিশ্ব কবিতাকণ্ঠ পরিষদসহ বিভিন্ন সংগঠন নিজ নিজ বিবৃতিতে এ বিষয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছে। অন্যদিকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বিবৃতিতে বলেছেন, সরকার ভিন্নমত দমনে জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে। জনতার আদালতে তাদের দাঁড়াতে হবে।বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিবাদ সভায় বক্তারা সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করেছে বলে উল্লেখ করেছেন। বাংলাদেশ মুসলিম লীগ এক বিবৃতিতে বলেছে, গ্রেপ্তার-নির্যাতন করে সরকার তার অপকর্ম ঢাকার চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ইসলামিক পার্টি এক বিবৃতিতে জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেছে।