জামায়াতের নিবন্ধন বাতিলের দাবিতে ইসিতে স্মারকলিপি
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সংসদের ঢাকা ইউনিট কমান্ড। বিক্ষোভ শেষে তারা এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদের দপ্তরে একটি স্মারকলিপি জমা দেয়। মুক্তিযোদ্ধারা গতকাল বেলা ১১টার দিকে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ের সামনের রাস্তায় জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন। এ সময় নেতারা বলেন, অবিলম্বে জামায়াতের নিবন্ধন বাতিল না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে স্মারকলিপি জমা দেন। স্মারকলিপি গ্রহণ করেন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. সিরাজুল ইসলাম। তিনি জানান, নিবন্ধন বাতিলের বিষয়টি ইসির সভায় উপস্থাপন করা হবে।এরপর সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল না করলে আবারও কমিশন সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচি গ্রহণ করা হবে।