জামায়াতের বিচার ও নিষিদ্ধের পথ প্রশস্ত হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ সংশোধনকে স্বাগত জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা সংগঠনটির নেতারা বলছেন, এর ফলে মানবতাবিরোধী অপরাধীদের দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের পথ যেমন প্রশস্ত হলো, তেমনি তাদের নিষিদ্ধও করা যাবে। গতকাল রোববার জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ সংশোধন করা হয়। এই সংশোধনীর ফলে আসামিপক্ষের পাশাপাশি সরকার বা বাদীপক্ষ রায়ের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ পাবে। এ ছাড়া মানবতাবিরোধী অপরাধীর সঙ্গে সঙ্গে এ ধরনের অপরাধ করা দল বা সংগঠনের বিচার করার সুযোগ সৃষ্টি হবে।প্রতিক্রিয়া জানতে চাইলে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, মানবতাবিরোধীদের দল হিসেবে জামায়াত, আলবদর, আলশামসের বিচার না হলে এই বিচার পুরোপুরি গ্রহণযোগ্য হবে না। দেরিতে হলেও সরকার সেটি বুঝতে পারায় আমরা এই সংশোধনীকে স্বাগত জানাচ্ছি।’আদালতের রায়ে ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত জামায়াতে ইসলামীর বিচার কীভাবে হতে পারে, এ প্রশ্নের জবাবে শাহরিয়ার কবির বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের নুরেমবার্গ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি নাৎসিদের সাতটি দলেরও বিচার হয়েছে। চারটি দলকে পরবর্তী সময়ে নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে জামায়াতকে নিষিদ্ধ করা যাবে।’ঘাতক দালাল নির্মূল কমিটির সহসভাপতি ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগতভাবে এবং নির্মূল কমিটির পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরে যুদ্ধাপরাধীদের দলগুলোর বিচারের কথা বলে আসছি। কিন্তু সরকার কর্ণপাত করেনি। কিন্তু তরুণ প্রজন্মের আন্দোলনের কারণে যা হলো, তা অভূতপূর্ব। আমরা মনে করি, এই আইন পাসের ফলে যুদ্ধাপরাধীদের বিচার আরও পূর্ণাঙ্গ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’মুনতাসীর মামুন বলেন, ‘আমাদের আরও কয়েকটি দাবি আছে। ট্রাইব্যুনালের সাক্ষীর নিরাপত্তা বিধান, স্থায়ী ট্রাইব্যুনাল করা এবং মানবতাবিরোধীদের রাষ্ট্রপতির ক্ষমার অযোগ্য করা—এই তিনটি বিষয়কেও অগ্রাধিকার বিবেচনা করে আইন পাস করা উচিত।’মুনতাসীর মামুন বলেন, ‘ট্রাইব্যুনাল ইতিমধ্যে প্রথম রায়ে জামায়াতকে অপরাধী দল হিসেবে ঘোষণা করেছে। কাজেই জামায়াতের বিচার ও তাদেরকে নিষিদ্ধ করা যাবে।’