জামায়াতের মিছিল থেকে আটক ৫৭
রাজধানীতে গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিল থেকে ৫৭ জনকে আটক করেছে পুলিশ। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ‘নির্যাতন ও গণহত্যা’ বন্ধ এবং পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে গতকাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সিটি সেন্টারের দিকে যায়। এ সময় পুলিশ দুই দিক থেকে মিছিলটি ঘিরে লাঠিপেটা শুরু করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। জামায়াতের ঢাকা মহানগর কমিটি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।জামায়াতের দাবি, পুলিশ মিছিলে অতর্কিত হামলা করে দলের অর্ধশত নেতা-কর্মীকে আহত করে। এ সময় কাঁদানে গ্যাসও ছোড়া হয়। রাতে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান মোল্লা প্রথম আলোকে বলেন, ‘জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হঠাৎ অলিগলি থেকে বের হয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এ সময় দুটি গাড়িও ভাঙচুর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫৭ জনকে আটক করে।’সিটি সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য সেলিম উদ্দিন আরাকানে গণহত্যা ও নির্যাতন বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।সাঈদীকে বিদেশে পাঠানোর আহ্বান: এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন।সাঈদী একাত্তরের মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে আটক আছেন। তিনি অসুস্থ হয়ে এখন বারডেম হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন।