জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করেছিল আলবদর ও রাজাকাররা। স্বাধীন বাংলাদেশেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। জামায়াত ও শিবির তাদের সহযোগী। তাই এ দেশে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।গতকাল বুধবার রাজধানীতে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রাক্কালে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। জাতীয় জাদুঘরের শততম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানমালার অংশ হিসেবে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।অন্যতম আলোচক শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেন, ‘একাত্তরে লাখো শহীদের রক্তে যে দেশ আমরা স্বাধীন করেছি, সেই দেশের সংসদে স্বাধীনতাবিরোধীরা বিচরণ করছে।... যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হতে পারে, সে জন্য তারা মরিয়া হয়ে বিভিন্ন ধরনের নাশকতা চালাচ্ছে। দেশের স্বার্থেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হোক।’স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অগ্রগতির কথা বলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী। তিনি বলেন, গত কয়েক দশকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে, গড় আয়ু বেড়েছে।জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজুর রহমান বলেন, ‘দেশের সূর্যসন্তানদের হত্যার বিচার হতেই হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাসও বক্তব্য দেন।