জামায়াতের সাত নেতা দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানা এলাকায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় জামায়াতে ইসলামীর সাংসদ হামিদুর রহমান আযাদসহ সাতজনকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ রিমান্ড মঞ্জুর করেন। অন্য আসামিরা হলেন অধ্যাপক এ কে এম নাজির আহমেদ, মওলানা এ টি এম মাসুম, রফিউদ্দিন আহম্মেদ, রফিকুন্নবী, মওলানা আবদুল মান্নান ও আবদুর রহমান মুসা। গতকাল মহানগর গোয়েন্দা-ডিবি পুলিশ আসামিদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে উপপরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ আদালতকে বলেন, আসামিরা ঘটনার দিন পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করেন, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। ওই ঘটনার ইন্ধনদাতা হিসেবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই তাঁদের ১০ দিন করে রিমান্ড দরকার। তবে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়।