জামিন পেলেও সাকা কারাগার থেকে বের হতে পারছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পুড়িয়ে ফারুক হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী গতকাল বুধবার জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, রাষ্ট্রদ্রোহসহ আরও মামলা থাকায় কারাগার থেকে বের হতে পারছেন না।গতকাল ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক সাকা চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন। গত বছরের ১৬ ডিসেম্বর সাকা চৌধুরীকে এই মামলায় গ্রেপ্তার করা হয়।এর আগে সাকা চৌধুরীর আইনজীবীরা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাঁর জামিন চেয়ে আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। এরপর সাকা চৌধুরীর আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেন। গতকাল শুনানি শেষে মহানগর দায়রা জজ আদালত সাকা চৌধুরীর জামিনের আবেদন মঞ্জুর করেন। আদালত ২০ হাজার টাকার মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় সাকা চৌধুরীকে জামিন দেন। গত বছরের ২৭ জুন বিএনপির ডাকা হরতালের আগের রাতে রমনা থানাধীন এলাকায় একটি প্রাইভেট কার পুড়িয়ে ফারুক নামের এক যাত্রীকে হত্যার অভিযোগে এ মামলা করা হয়।