জামিন পেলেন মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস কোম্পানি নাইকো রিসোর্সের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন জামিন পেয়েছেন। মোশাররফ হোসেন গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত ২১ অক্টোবর পর্যন্ত তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। মোশাররফ এ মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।মামলার অভিযোগ, এ কে এম মোশাররফ হোসেন ফেনী গ্যাসক্ষেত্র থেকে তোলা গ্যাসের ক্রয় চুক্তি সম্পাদনের প্রাক্কালে নাইকোকে সুবিধা দেওয়ার কথা বলে ঘুষ দাবি করেন। নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের তৎকালীন প্রেসিডেন্ট কাশেম শরীফ ঘুষ হিসেবে মোশাররফ হোসেনকে ৯৫ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের একটি ল্যান্ডক্রুজার জিপ দেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র ও কানাডায় ভ্রমণের জন্য পাঁচ হাজার ডলার নেন। এই অভিযোগে দুদকের উপপরিচালক এস এস শাহিদুর রহমান গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন। গত ২ আগস্ট দুদক মোশাররফ হোসেন ও কাশেম শরীফের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৪ আগস্ট তিনি হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন নেন। আসামি কাশেম শরীফ পলাতক আছেন।