জামিনে বের হয়ে ছিনতাই আবার গ্রেপ্তার
জামিনে বের হয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে দুই ছিনতাইকারী। দুজন চালককে কুপিয়ে দুটি গাড়ি ছিনতাই করে তারা। গত শুক্রবার রাতে পল্লবী এলাকা থেকে ছিনতাই হওয়া দুটি গাড়ি ও অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁরা হলেন নূর আলম ও আবু সিদ্দিক। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মোখলেছুর রহমানের নেতৃত্বে একটি দল পল্লবীর ১০ নম্বর সেকশনের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ছিনতাইকারী নূর আলম ও আবু সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির গ্যারেজ থেকে দুটি প্রাইভেট কার, দুটি রিভলবারসহ বেশি কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে নূর আলম ও আবু সিদ্দিককে হাজির করা হয়। তাঁরা সব ঘটনা স্বীকার করেন। সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া গাড়ির মধ্যে একটি কলাবাগান থেকে ছিনতাই হওয়া। গত ১৪ অক্টোবর এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় এই দুজন গ্রেপ্তার হন। মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুজনসহ চক্রের অন্য সদস্যদের আগেও গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু জামিনে বেরিয়ে তাঁরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। গ্রেপ্তার হওয়া দুজন সাংবাদিকদের বলেন, নজরুল ইসলাম নামের এক ব্যক্তি তাঁদের দলের নেতা। ছিনতাইয়ের সব কাজের তদারকির দায়িত্ব তাঁর। তাঁরা জানান, পাঁচ-ছয় মাস আগে তাঁরা জামিনে বের হয়ে একই পেশায় যোগ দেন।