জামিনে বেরিয়ে আবার একই অপরাধ, ছিনতাইয়ে বাধা দেওয়ায় হত্যা দন্তচিকিৎসককে
ছিনতাইয়ে বাধা দেওয়ায় দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রাজধানীর শেওড়াপাড়ায় বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের পর এ কথা জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ওই ঘটনায় আরও এক ছিনতাইকারী জড়িত থাকার তথ্য পাওয়া গেলেও তাঁকে আজ বুধবার বিকেল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, গ্রেপ্তার চারজন পেশাদার ছিনতাইকারী। তাঁরা হলেন রায়হান ওরফে সোহেল, রাসেল হাওলাদার, আরিয়ান খান হৃদয় ও সোলায়মান।
হাফিজ আক্তার বলেন, দন্তচিকিৎসক বুলবুল পশ্চিম শেওড়াপাড়ার বাসা থেকে নোয়াখালী যেতে ভোর সোয়া পাঁচটায় বের হন। রিকশায় বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। কাজীপাড়ায় নির্মাণাধীন মেট্রোরেলের স্টেশনের নিচে আসার পর ছিনতাইকারীরা রিকশার গতি রোধ করে। ছিনতাইয়ে বাধা দেওয়ায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। এরপর তাঁর কাছ থেকে একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যান তাঁরা।
ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, আগেও ছিনতাইয়ের অভিযোগে রায়হান ও রাসেলকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিছুদিন আগে জামিনে বেরিয়ে আবার ছিনতাইয়ে জড়িয়ে পড়েন তাঁরা।
গত রোববার ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মেট্রোরেলের নির্মাণাধীন স্টেশনের নিচে ছুরিকাঘাতে খুন হন দন্তচিকিৎসক আহমেদ মাহী বুলবুল। তাঁকে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান ছিনতাইকারীরা। তাঁর কাছ থেকে একটি মুঠোফোন খোয়া গেলেও সঙ্গে থাকা ১২ হাজার টাকা, অন্য একটি মুঠোফোন ও আঙুলে থাকা সোনার আংটি উদ্ধার করেছে পুলিশ।