জামিনে বেরিয়ে প্রবাসীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের আদেশ জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি জামিনে বের হয়ে এক প্রবাসীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ওই প্রবাসী শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাদেকুর রহমান জিডিতে অভিযোগ করেন, গত বছর সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নামে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় এক মামলায় ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা আসে। পরে পুলিশ সদর দপ্তরের তদন্তে দেখা যায়, এ জালিয়াতির পেছনে সাদেকুরের ভায়রা সফিকুর রহমান জড়িত। পুলিশ গত ১০ জানুয়ারি সফিকুরকে গ্রেপ্তার করে। তবে ছয় দিনের মাথায় তিনি জামিনে বের হন। সাদেকুর রহমান অভিযোগ করেছেন, সফিকুর জামিনে বেরিয়েই তাঁকে ও তাঁর স্ত্রী আফসানা ইসলামকে হত্যা করার হুমকি দেন। তিনি বলেছেন, সফিকুর সম্পর্কে তাঁর ভায়রা। তবে কখনো তাঁদের মধ্যে দেখা হয়নি।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, তদন্তে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ভুয়া প্রমাণিত হয়। মহানগর দায়রা জজ আদালত সূত্র জানায়, সাদেকুরের আবেদনে আদালত সফিকুরের জামিন বাতিল করেন।সাদেকুর রহমান প্রথম আলোকে জানান, ১০ মার্চ যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল হক চৌধুরী গ্রেপ্তারি পরোয়ানা পত্র গ্রহণ করে বলেছিলেন, দু-একদিনের মধ্যেই আসামি গ্রেপ্তার হবে। কিন্তু সফিকুরকে এখনো গ্রেপ্তার করা হয়নি। সাদেকুর অভিযোগ করেন, সফিকুর নিজেকে সাংবাদিক ও ক্ষমতাসীন দলের এক নেতার ভাগনে বলে পরিচয় দিচ্ছেন। যোগাযোগ করা হলে এসআই মমিনুল হক চৌধুরী বলেন, সফিকুরকে গ্রেপ্তারের বিষয়টি তিনি দেখবেন।