জারের পানি বিক্রির অনুমোদন নবায়নের জন্য মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার আওতাধীন এলাকায় জারে করে পানি বিক্রির অনুমোদন নবায়ন করার দাবি জানিয়েছে এসব পানির উৎপাদনকারীদের সংগঠন পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, ঢাকার ১১০টি প্রতিষ্ঠান ২০০৯ সাল থেকে ওয়াসার অনুমোদন সাপেক্ষে পানি উৎপাদন করছে। এ জন্য প্রতিটি প্রতিষ্ঠান ঢাকা ওয়াসাকে বাণিজ্যিক ভিত্তিতে মাসিক বিল প্রদান করে। এই অনুমোদনের মেয়াদ এ মাসেই শেষ হতে যাচ্ছে। কিন্তু ওয়াসা এখন অনুমতিপত্র নবায়ন করছে না।রাজধানী ঢাকাসহ এ খাতে প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে লিখিত বক্তব্যে জানানো হয়। এর সঙ্গে জড়িত প্রায় ৩২ হাজার মানুষ। অনুমোদন নবায়ন করা না হলে এসব পানি উৎপাদনকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি মো. আজগর হোসেন ও সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেইন।ওয়াসার মহাপরিচালকের বক্তব্য: পানি উৎপাদকদের এসব দাবি প্রসঙ্গে ওয়াসার মহাপরিচালক তাকসিম এ খান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জারের পানির মান নিয়ে যথেষ্ট অভিযোগ আছে। শুকনো মৌসুমে যখন পানি সরবরাহ করতে ওয়াসা হিমশিম খায়, সে সময় সামান্য পরিশোধন করে এসব পানি জারে ভরে কোম্পানিগুলো বিক্রি করে। এটা অনৈতিক। প্রকৌশলী তাকসিম বলেন, ‘ওয়াসার প্রতি হাজার লিটার পানি সাত টাকায় কিনে ৭০০ টাকায় বিক্রি করবেন, তা হবে না।’ওয়াসার মহাপরিচালক আরও বলেন, ২০১১ সালেই এসব জারের পানি বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন দাবির মুখে তা না করে ২০১২-এর ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এই সিদ্ধান্ত আর পাল্টানো হবে না বলে জানান তিনি। ব্যবসায়ীদের নিজস্ব উৎস থেকে পানি সংগ্রহ করে ব্যবসা চালানোর জন্য আহ্বান জানান তাকসিম এ খান।