জাল কাগজ দিয়ে মামলা, বাদী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল কাগজ তৈরি করে কোটি টাকার সম্পত্তির মালিকানা চেয়ে করা মামলার বাদী কারাগারে। গতকাল রোববার ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

জাল কাগজ দিয়ে মামলা করার বিষয় নজরে আসায় আদালত গতকাল বাদীকে আটকের নির্দেশ দেন। একই সঙ্গে আটক ব্যক্তিকে কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর ও সংশ্লিষ্ট আদালতের সেরেস্তাদারকে নিয়মিত মামলা করার নির্দেশ দেন আদালত। ঢাকার যুগ্ম জেলা জজ-৩-এর বিচারক সাউদ হাসান এ আদেশ দেন।

জাল-জালিয়াতির অভিযোগে খাজা আবদুর রহমান ও তাঁর আমমোক্তার গ্রহীতা হাজি আবদুল আউয়ালকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। গতকাল আবদুল আউয়াল সাক্ষ্য দেওয়ার সময় আদালতের নির্দেশে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে জালিয়াতি মামলার বাদী তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার ওলিউর রহমান প্রথম আলোকে বলেন, জমির মালিকানাসংক্রান্ত মামলার অন্যতম বাদী আবদুল আউয়াল আদালতে কাগজপত্র দাখিল করেন। ওই মামলার বিবাদীপক্ষও একই বিষয়ে কাগজপত্র দেয়। আদালত দুই পক্ষের কাগজ জাল-জালিয়াতি কি না, তা তদন্ত করতে জেলা প্রশাসন কার্যালয়ে পাঠিয়ে দেন। জেলা প্রশাসন কার্যালয় তদন্ত করে প্রতিবেদন দেয়। তাতে দেখা যায়, বাদীপক্ষ জাল কাগজ তৈরি করে আদালতে দাখিল করেছে। আদালত ওই প্রতিবেদন গ্রহণ করে বাদীর বিরুদ্ধে জাল-জালিয়াতির অভিযোগে মামলা করার নির্দেশ দেন। 

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৪ এপ্রিল খাজা আবদুর রহমানের পক্ষে আমমোক্তার গ্রহীতা হাজি আবদুল আউয়াল আদালতে এই মামলা করেন। মামলায় রাজধানীর জোয়ার সাহারা এলাকায় ৫১ দশমিক ৫২ শতাংশ জমির মালিকানা দাবি করা হয়। ওই জমির ওপর চলতি বছরের ২১ জানুয়ারি অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে বাদীপক্ষ। তখন তারা দাবি করা জমির মালিকানার সপক্ষে আদালতে কাগজপত্র দাখিল করে।

 আটক আসামি আবদুল আউয়ালের বিরুদ্ধে আরও একটি মামলায় জালিয়াতির অভিযোগ তদন্তাধীন আছে।