জাল জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে রাজধানীর মিরপুরে জহুরুল হক (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার র্যাব-৪-এর একটি দল মিরপুর ৬ নম্বর সেকশনের ১ নম্বর সড়কের সামাদ ম্যানশনের ৬/খ নম্বরে জাস্ বিজনেস সেন্টারে অভিযান চালায়। র্যাব সদস্যরা জাস্ কম্পিউটারের মালিক জহুরুল হককে গ্রেপ্তার করে। ওই প্রতিষ্ঠান থেকে ডাক বিভাগের নকল ট্যাক্স টোকেন, জাল জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে জাল সনদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ, শিক্ষা বোর্ডের সনদ, মুক্তিযোদ্ধার সনদ, মাধ্যমিক স্কুল এবং জন্মনিবন্ধন সনদ উদ্ধার করা হয়। র্যাব প্রথম শ্রেণীর কর্মকর্তাদের বেশ কিছু সিলমোহর জব্দ করেছে। এ ছাড়া র্যাব সদস্যরা দুটি কালার প্রিন্টার, একটি স্ক্যানার, একটি লেমিনেটিং যন্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। র্যাব-৪-এর মেজর গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, র্যাব সদস্যরা বিভিন্ন সময় মিরপুর ১৩ নম্বর সেকশনের (সড়ক পরিবহন কর্তৃপক্ষ) বিআরটিএ এলাকায় অভিযান চালিয়ে গাড়ির জাল লাইসেন্স তৈরির অভিযোগে দালাল চক্রের সদস্যদের গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে র্যাব-৪-এর কর্মকর্তারা জানতে পারেন যে সামাদ ম্যানশন বিজনেস কম্পিউটারের মালিক জহুরুল হক ডাক বিভাগের নকল ট্যাক্স টোকেন, জাল জাতীয় পরিচয়পত্র এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট তৈরি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে অভিযান চালানো হয়।