জাল টাকা উদ্ধারের মামলায় গ্রেপ্তার করা জহুরুল ইসলাম ও তাঁর স্ত্রী আয়েশাকে তিন দিনের রিমান্ডে নিয়েছে দক্ষিণখান থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আবদুল মজিদ দুজনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) খান শরিফুল ইসলাম গতকাল জহুরুল ও আয়েশাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। তিনি আবেদনে বলেন, মঙ্গলবার র্যাব ৩-এর একটি দল ১৬৪ ফায়দাবাদ মধ্যপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের দেখানো মতে, ওই বাসা থেকে জাল টাকা তৈরিতে ব্যবহূত জলছাপ ছাঁচের কাগজ, রাসায়নিক পদার্থ, একটি কম্পিউটার মনিটর, দুটি কম্পিউটার সিপিইউ, তিনটি রঙিন প্রিন্টার এবং দুই লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা জাল টাকা প্রস্তুত করে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন।মঙ্গলবার র্যাব ৩-এর উপসহকারী পরিচালক (ডিএডি) সিরাজুল হক বাদী হয়ে দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় এ মামলা করেন। আইনজীবী শামসুল হত্যা মামলা: আইনজীবী শামসুল ইসলাম হত্যা মামলায় আসামি চান মিয়াকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়েছে যাত্রাবাড়ী থানা পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। মহানগর হাকিম আবদুর রহিম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।২৭ ডিসেম্বর শামসুল ইসলামকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই চান মিয়াকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহত শামসুলের ভাই মাজহারুল হক যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন।