জাল টাকা ও সরঞ্জামাদি উদ্ধার মামলায় মূল আসামির জামিন
জাল টাকা তৈরির সরঞ্জামাদি ও টাকা উদ্ধারের এক মামলায় মূল আসামি রানা হাওলাদার জামিন পেয়েছেন। গতকাল রোববার ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক জামিন মঞ্জুর করেন।আদালতের আদেশে উল্লেখ করা হয়, ‘এটা একটি ফৌজদারি মামলা। আসামি রানার আইনজীবীর বক্তব্য শুনলাম। জামিনের দরখাস্তসহ নিম্ন আদালতের নথি পর্যালোচনা করলাম। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। আসামির কাছ থেকে ছয়টি জাল নোট পাওয়ার অভিযোগ। তবে ওই নোট জাল জেনে আসামি তা আসল হিসেবে ব্যবহার করেছেন, এমন অভিযোগ নেই। আসামির হাজতবাসের মেয়াদ এক মাসের বেশি। এ বিবেচনায় তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত আবেদনকারীর জামিন মঞ্জুর করা হলো।’আসামিপক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী আজমেরী সুলতানা। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও প্রসিকিউশনের সহকারী কমিশনার আমিনুর রহমান।পরে আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আসামির কাছ থেকে জাল টাকা ও তা তৈরির যন্ত্রপাতি উদ্ধার করার বিষয়টি জানিয়ে জামিনের বিরোধিতা করা হয়েছিল। কিন্তু আদেশে বিরোধিতার কারণ উল্লেখ করা হয়নি।র্যাব-৩-এর একটি দল গত ২৮ আগস্ট উত্তরার একটি বাসা থেকে জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় আসামি রানার কাছ থেকে ছয়টি এক হাজার টাকার জাল নোট এবং ওই বাসা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদি (কম্পিউটার, জাল টাকা তৈরির তিনটি ফর্মা, চারটি স্কিন ফ্রেম ও পেনড্রাইভ) উদ্ধার করে র্যাব। এ ঘটনায় র্যাব-৩-এর উপসহকারী পরিচালক মোবারক আলী উত্তরা থানায় এ মামলাটি করেন। বর্তমানে মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে।