জাল পাসপোর্টে বিদেশে যাওয়ার সময় আটক ১০
জাল পাসপোর্টে বিদেশে যাওয়ার সময় গতকাল বুধবার পৃথক ঘটনায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ব্যক্তি ধরা পড়েছেন।সিআইডি সূত্র জানায়, গতকাল সকাল সোয়া আটটার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) যৌথ দল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি কেন্দ্র এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করার সময় আট ব্যক্তিকে আটক করে। ইমিগ্রেশন পুলিশের কাছে আটক ব্যক্তিদের পাসপোর্ট, স্মার্ট কার্ড এবং ভিসা জাল বলে প্রমাণিত হয়। আটক ব্যক্তিরা হলেন ঢাকার উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জের রুবেল হোসেন (২৮), ফরিদপুরের নগরকান্দার হুমায়ুন কবির (৩৮), মৌলভীবাজারে আবদুল্লাহ আজাদ (৩৮), একই জেলার নগরকান্দার টিটু মিয়া (৩৫), মৌলভীবাজারের আতাউর রহমান (৩৫), গাজীপুরের কালীগঞ্জের নাজমুল (২২), রাজধানীর মুগদাপাড়া এলাকার মোহাম্মদ রনি (২৪) এবং গাজীপুরের কালিয়াকৈরের সাইফুল ইসলাম (২০)। এর আগে ভোর পাঁচটার দিকে জাল পাসপোর্টে বিদেশে যাওয়ার সময় ওই বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে রজব আলী ও শহীদুল আলম নামের দুই ব্যক্তিকে আটক করে সিআইডির আরেকটি দল। আটক ব্যক্তিরা অন্যের নাম ঠিকানা ব্যবহার করে এতে নিজের ছবি বসিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।এদিকে গতকাল বিকেলে সিআইডির আরেকটি দল ফকিরাপুল কাঁচাবাজার সংলগ্ন লাকি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাঁচ দালালসহ ৩৫ ব্যক্তিকে আটক করেছে।