জাল ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা, গ্রেপ্তার ১৮
জাল ভিসা নিয়ে মালয়েশিয়ায় যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে ১৮ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশের সহায়তায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এঁদের গ্রেপ্তার করে। ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ১৮ জন যুবক মালয়েশিয়ায় যাওয়ার জন্য বিমানবন্দরে যান। ইমিগ্রেশন পুলিশ তাঁদের ভিসা পরীক্ষা করে দেখতে পায়, সবকটি ভিসাই জাল। এরপর সবাইকে বিমানবন্দরে অবস্থান করা ডিবি পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়। গ্রেপ্তার হওয়া সবাইকে গতকাল শুক্রবার আদালতে পাঠিয়ে দুই দিনের রিমান্ডে নেয় পুলিশ। তাঁরা হলেন—নাজমুল হাসান (২৫), সাইফুল হাওলাদার (১৬), আলী আকবর (২৫), আলী হোসেন (২২), কাওছার সরকার (২৭), আকবর হোসেন (২২), রফিকুল ইসলাম (১৯), মজনু (২৭), রহমতউল্লাহ (২৩), রাকিবুল ইসলাম (২৬), ইসমাইল হোসেন (২১), মন্তাজ আলী (৩১), নাজমুল সিকদার (১৯), পায়েল (২৪), মিনহাজ (১৭), মঞ্জুর সুলতান (২২), সুমন দেওয়ান (২৩) ও সাইফুল ইসলাম (১৮)। ডিবি পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি দালাল চক্রের সহযোগিতায় প্রভাবশালী মহল জাল ভিসা দিয়ে তাঁদের মালয়েশিয়ায় পাঠাচ্ছিল। এসব অসহায় মানুষ সহায়সম্বল বিক্রি করে মালয়েশিয়ায় যাওয়ার জন্য দেড় থেকে আড়াই লাখ টাকা চক্রের সদস্যদের হাতে টাকা তুলে দিয়েছেন। আসামিদের জিজ্ঞাসাবাদে দালাল চক্রের অনেকের নাম-ঠিকানা পাওয়া গেছে।