জালিয়াতি মামলায় তিন আসামির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বাংলাদেশ অবজারভার পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক এবং সাবেক প্রধান তথ্য কর্মকর্তা আবদুর রহিমের বাড়ি দখলের চেষ্টার দায়ে তিন প্রতারককে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।সাজা পাওয়া ব্যক্তিরা হলেন শাহজাহান মোল্লা, শাহজাহান সিরাজ ও এনামুল হক। তাঁদের মধ্যে শাহজাহান মোল্লা গতকাল আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর আদালত গতকাল তাঁর প্রতি সাজা পরোয়ানা জারি করে কারাগারে পাঠিয়ে দেন। অপর দুই আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক আছেন।রায়ে শাহজাহান মোল্লাকে পৃথক দুটি ধারায় চার বছর করে আট বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। অপর দুই আসামি শাহজাহান সিরাজ ও এনামুল হককে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। আদালত সূত্রে জানা যায়, ১৯৬৭ সালে গুলশান থানার ২৬ নম্বর রোডের ২০/এ নম্বর বাড়িটির জায়গা আবদুর রহিমের নামে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়। এখন পর্যন্ত তিনি ওই জমির ওপর নির্মিত বাড়ি ভোগদখল করছেন।২০০৮ সালের ৫ মে জাল দলিলের মাধ্যমে বাড়িটি বিক্রির চেষ্টা করেন আসামি শাহজাহান মোল্লা। তিনি বাড়িটি বিক্রির জন্য মা-বাবা বিল্ডার্স ডেভেলপার কোম্পানির সঙ্গে বায়না করার চেষ্টাও করেছিলেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বাড়িটির মালিকানা যাচাই করার জন্য আবদুর রহিমের বাড়িতে যান। এরপর বিষয়টি বুঝতে পেরে আবদুর রহিম গুলশান থানায় মামলা করেন। ২০০৯ সালের ৫ মে গুলশান থানার পুলিশ শাহজাহান মোল্লা ও তাঁর সহযোগী শাহজাহান সিরাজকে আটক করে। পরে তাঁরা জামিনে বেরিয়ে যান। পুলিশ ঘটনা তদন্ত করে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে আবদুর রহিম বলেন, দীর্ঘদিন পর তিনি রায় পেয়েছেন। মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হয়েছিল। তিনি পলাতক আসামিদের গ্রেপ্তার করে সাজা কার্যকরের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান।