জাসদ ছাত্রলীগ সভাপতিসহ চারজনকে কুপিয়ে জখম
রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুরে গতকাল রোববার দুপুরে জাসদ ছাত্রলীগের সভাপতিসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।আহত ব্যক্তিরা হলেন জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সামছুল ইসলাম (৩২), তাঁর বড়ভাই সাইফুল ইসলাম (৩৫) ও তাঁদের ছোটভাই নজরুল ইসলাম (২৫) এবং এনামুল ইসলাম (২০)। আহত সামছুল ইসলাম অভিযোগ করেন, এক সাংসদের দেহরক্ষী আলাউদ্দিন ও ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনের নেতৃত্বে তাঁর চার ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছে। কাফরুল থানার পুলিশ জানায়, আলাউদ্দিন ও কামালসহ ১০ জনের নাম উল্লেখ করে কাফরুল থানায় মামলা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যার চেষ্টাসহ দণ্ডবিধির কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে। থানায় দায়ের হওয়া মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল বেলা একটার দিকে আলাউদ্দিন, রাজ্জাক ও কামালের নেতৃত্বে আসামিরা চাপাতি, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে উত্তর ইব্রাহিমপুর আদর্শ পল্লি জামে মসজিদের উত্তর পাশে সামছুল ইসলাম ও তাঁর তিন ভাইয়ের ওপর হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে সামছুল ইসলাম ও তাঁর বড়ভাই সাইফুল ইসলামকে আঘাত করেন। বাঁধা দিতে গেলে তাঁরা নজরুল ও এনামুলকে বেধড়ক পেটান। আসামিরা তাঁদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। থানায় কিংবা আদালতে মামলা করলে আহত ব্যক্তিদের খুন করে গুম করার হুমকি দিচ্ছে বলে মামলায় উল্লেখ করা হয়। এর আগের দিন গত শনিবার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে কাফরুল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগের বিষয়ে আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি কোনো সাংসদের দেহরক্ষী নন। নিলাম সূত্রের মালিকেরা জমি দখল করতে গিয়েছিলেন। সেখানে কোনো হামলার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।