জাহাজভাঙা শিল্পের জন্য নীতিমালা হবে: শিল্পমন্ত্রী
পরিবেশবান্ধব জাহাজভাঙ্গা শিল্পের জন্য শিগগিরই একটি নীতিমালা তৈরি করবে শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে পরিবেশদূষণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো ধরনের শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেবে না সরকার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া গতকাল রোববার রাজধানীর ঢাকা ক্লাব লিমিটেড মিলনায়তনে ‘হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে শব্দদূষণ এবং যানজট নিরসন: টিএসসি থেকে হোটেল সোনারগাঁও’ শীর্ষক পরীক্ষামূলক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সংস্থাপন মন্ত্রণালয়ের অধীন ম্যানেজিং অ্যাট দ্য টপ (এমএটিটি) প্রশিক্ষণ কোর্সের আওতায় বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষণার্থীরা এ প্রকল্প বাস্তবায়ন করেন।ম্যানেজিং অ্যাট দ্য টপ (এমএটিটি-২)-এর দলনেতা তপন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে শব্দদূষণের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। এতে ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি শাহাদাত হোসেন সেলিম, সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিল্পায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে বাংলাদেশে শব্দদূষণ মারাত্মক রূপ নিয়েছে। এর সমাধানে দ্রুত উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের ভয়াবহ বিপদ হতে পারে। তাঁরা শব্দদূষণ ও যানজটের নেতিবাচক প্রভাব থেকে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের যথাযথ প্রয়োগের সুপারিশ করেন। গণমাধ্যমের প্রচারণা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি এ ক্ষেত্রে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তাঁরা অভিমত দেন। অনুষ্ঠানে শব্দদূষণ ও যানজট নিরসনের লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও ব্যক্তির মধ্যে সম্মাননা সনদ বিতরণ করা হয়।